ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্মস্থলে যাওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ জাহান

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৭ জানুয়ারি ২০২৩
কর্মস্থলে যাওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ জাহান
নিখোঁজ জাহানকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল -ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় এক মাটিকাটা শ্রমিক কর্মস্থলে যাওয়ার সময় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষীবাজার রমেশ মাঝি খেয়াঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ জাহান উদ্দিন চোকদার (২৭) জপসা ইউনিয়নের লক্ষীবাজার এলাকার আমজেদ আলী চোকদারের ছেলে। তিনি মাটিকাটা শ্রমিক। তার এক ছেলে রয়েছে।

নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে জাহান উদ্দিন কর্মস্থলে যাওয়ার সময় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে যান। তারপর থেকে জাহানকে পাওয়া যাচ্ছে না। শরীয়তপুরের নড়িয়া ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে জাহানকে উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় নদীর দুই প্রান্তে কয়েকশ মানুষ ভিড় জমিয়েছে।

Advertisement

নড়িয়া ফায়ার সার্ভিসের লিডার রওশন জামিল বলেন, নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। আমাদের কোনো ডুবুরি দল না থাকায় মাদারীপুর থেকে ছয় সদস্যের ডুবুরিদল আনা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চলছে। জাহানের সন্ধান পাওয়ার আগ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

জাহানের মা রাশেদা বেগম ও বাবা আমজাদ আলী চোকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে আমার প্রতিদিনের মতো শনিবার ভোরে ফজরের নামাজের পর কাজের জন্য বাড়ি থেকে বের হন। কাজে যেতে গেলে নদী পার হতে হয়। নৌকায় পার হওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ হন জাহান। মৃত হোক বা জীবিত আমাদের ছেলেকে ফিরে চাই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!