ধর্ষণের পর হত্যা, ৭ দিন পর বঙ্গোপসাগরে ভেসে উঠল ছোট্ট দেহটি
ধর্ষণ শেষে হত্যার সাতদিন পর ১২ বছর বয়সী সেই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বঙ্গোপসাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অটোচালক আল আমিন হাওলাদারকে আটকের পর চাঞ্চল্যকর তথ্যটি বেরিয়ে আসে। ৩৫ বছর বয়সী আল আমিন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, রূপারচর সংলগ্ন শীবচর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গভীর সাগরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন জেলেরা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্তের পর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
.png)
ওসি বলেন, ৬ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি থেকে চরআন্ডা বাজারে মোবাইলে রিচার্জ করতে যায় ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে তার সঙ্গে আল আমিনের দেখা হয়। এ সময় তাকে বিলের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন আল আমিন। পরে শ্বাসরোধে তাকে হত্যা করেন। লাশ গুম করতে বুড়াগৌরাঙ্গ নদীতে ফেলে দেন তিনি।
৭ জানুয়ারি দুপুরে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি পুকুরপাড় থেকে স্কুলছাত্রীর জুতা-ওড়না পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আল আমিনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেন তিনি।