মুকসুদপুরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আলাউদ্দিন ওরফে আশরাফউদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মুকসুদপুর সদরের জিম ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন ওরফে আশরাফউদ্দিন বরিশাল সদর উপজেলার বাবুগঞ্জ গ্রামের হারুন অর রশিদের ছেলে।
মুকসুদপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন জানান, ভুয়া বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন হাসপাতাল এলাকার জিম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে প্রতারণা করে আসছিলেন আশরাফউদ্দিন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
.png)
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ, বক্ষব্যাধি ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ঐ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত তার কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।