ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হেলিম মিয়া (৫০) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার (এপিল) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
.png)
মৃত হেলিম মিয়ার স্ত্রী কল্পনা আক্তার বলেন, এলাকার কয়েকজনের থেকে আমার স্বামী বেশ কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এসব ঋণের সুদের টাকা পরিশোধের জন্য কিছুদিন ধরে পাওনাদাররা বাড়িতে এসে চাপ দিচ্ছিলেন। এ জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
তিনি আরো বলেন, রোববার তারাবির নামাজ পড়ার কথা বলে তিনি (হেলিম মিয়া) না খেয়েই ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় এক শিশু আমার স্বামীকে বাড়ির সামনে থাকা একটি গাছে ফাঁসিতে ঝুলতে দেখেন। পরে লোকজনকে জানালে তাকে গাছ থেকে নামিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।