ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২৯ এপ্রিল ২০২৩
পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
লঞ্চ ঘাট- ফাইল ফটো

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক আছে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। এ অবস্থায় লঞ্চ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে ১৮ টি ফেরি চলাচল করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!