জঙ্গলে নিয়ে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ২
গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিককে (১৯) দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জুন) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ঐ রাতেই অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন (২৩) ও ইমন হোসেন (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ। পরে মঙ্গলবার মামলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আরো এক আসামি পলাতক রয়েছে।
ভুক্তভোগী নারী শ্রমিক বলেন, কারখানা ছুটির পর রাত ৯টার দিকে এক সহকর্মীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলাম। পথে কয়েকজন আমার সহকর্মীকে মারধর করে আমাকে পাশের গভীর জঙ্গলে নিয়ে মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে তারা আমাকে সেখানে রেখেই পালিয়ে যান। পরে আমার সহকর্মী আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। এ বিষয়ে থানায় মামলা করেছি।
.png)
ভুক্তভোগী নারী শ্রমিকের মামা বলেন, রাতে বিষয়টি জানার পরপরই পুলিশকে জানানো হয়। পুলিশ ঐ রাতেই দুজনকে আটক করেছে। আসামিরা এলাকার চিহ্নিত অপরাধী, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তারা জড়িত।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই দুজনকে আটক করেছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।