বরিশালে বন্ধুদের হন্যে হয়ে খুঁজছেন অস্ট্রেলিয়া প্রবাসী
বরিশাল বন্ধুদের খোঁজে সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন ৮০ বছর বয়সী মো. আব্দুল মজিদ। দেশের মাটিতে পা রেখেই বন্ধুদের হন্যে হয়ে খুঁজছেন তিনি। বন্ধুদের সন্ধানে জাতীয় দৈনিকে বিজ্ঞাপনও দিয়েছেন।
জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী আব্দুল মজিদ বরিশাল নগরের বাংলা বাজার এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রকৌশলী। চাকরির সুবাদে আশির দশকে লিবিয়া গিয়েছিলেন। সেখানে ১০ বছরের মতো কাটান। আর সেখানে তার বেশ কয়েকজন বাংলাদেশি বন্ধু হয়। নব্বইয়ের দশকে মজিদ অস্ট্রেলিয়ায় পাড়ি জমালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার বন্ধুদের সঙ্গে। টানা ৩০ বছর পর হারানো বন্ধুদের সঙ্গে দেখা করতে জুনে বাংলাদেশে আসেন মজিদ। অনুসন্ধান চালিয়েও বন্ধুদের খুঁজে না পেয়ে দিয়েছেন পত্রিকায় বিজ্ঞাপনও। কিন্তু কারো সন্ধান মেলেনি।
প্রতিদিন বিকেলে নিজ ভবনের ছাদে উঠে আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মজিদ। তার চোখে মুখে একটাই আশা বন্ধুদের দেখা পাওয়া।
.png)
মো. আবদুল মজিদ বলেন, চাকরি জীবনের শুরুতে পিডিবিতে প্রথমে খুলনা, এরপর বরিশাল, তারপর আবার খুলনাতে কাজ করি। এরপর লিবিয়াতে ৯-১০ বছর কাজ করি। সেইসময় পাবনার হান্নান, আলাউদ্দিন, টাঙ্গাইলের রেহেনা, সূচরিতা, রাজশাহীর আব্বাস, নোয়াখালীর মনির, কুমিল্লার নুরুল ইসলামের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুদের কথা আমার প্রায়ই মনে হয়, তাদের হন্য হয়ে খুঁজছি। এদের সঙ্গে যোগাযোগ করতে পারলে খুব সন্তুষ্টি অনুভব করতাম। তাদের সঙ্গে কথা বলতে পারলে হয়ত এ জীবনটা আরো ভালো কাটতো।
আগস্টেই অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন আব্দুল মজিদ। তার আগে বন্ধুদের খোঁজ পেলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে মনে করেন বন্ধুপাগল আব্দুল মজিদ।