পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা-মারপিটে প্রাণ গেল নারীর
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা ও মারপিটে বিলকিস আক্তার নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিলকিস আক্তার ঐ গ্রামের ইটভাটা শ্রমিক আব্দুল করিমের স্ত্রী।
জানা যায়, নিহত বিলকিস আক্তারের স্বামী আব্দুল করিম নোয়াখালীতে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তার কাছ থেকে গুনধর ইউনিয়নের বাসিন্দা নুরে আলম টাকা পেতেন। সম্প্রতি আব্দুল করিম বাড়ি এসেছেন, এমন খবরে অভিযুক্ত নুরে আলম টাকা চাইতে আব্দুল করিমের বাড়িতে যান। সেসময় করিমকে না পেয়ে তার স্ত্রী বিলকিস আক্তার ও তার ছেলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নুরে আলম।
.png)
বাগবিতণ্ডার একপর্যায়ে বিলকিস আক্তার ও নুরে আলম পক্ষের মাঝে হাতাহাতি ও মারপিট শুরু হয়। এতে বিলকিস আক্তার গুরুতর আহত হন। পরে বিলকিসকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে করিমগঞ্জ পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।