ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
খোলা ছিল দরজা, ভেতরে ঝুলছিল ইমনের নিথর দেহ
গাজীপুরের টঙ্গীতে রাকিবুল হাসান ইমন (২০) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর গাজীবাড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত রাকিবুল হাসান ইমন (২০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খারহাট গ্রামের হাসান মিয়ার ছেলে। ইমন রাজধানী উত্তরার সানরাইজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি টঙ্গীর গাজীবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন।
পুলিশ জানায়, ইমন লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার ভোরে দোকানে কাজ শেষে বাসায় ফিরে আসেন ইমন। পরে নিজ কক্ষে ঘুমিয়ে যান। একপর্যায়ে ইমনের কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভেতরে যান তার মা। এ সময় ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে পুলিশে খবর পাঠালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
মা রোকসানা বেগম বলেন, প্রায়ই রাত জেগে তার বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করতো ইমন। মঙ্গলবার ভোরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে গিয়ে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
টঙ্গী পূর্ব থানার এসআই তাপস পাল উজা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।