ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের ২ দিন পর শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে লাশ হলেন জাহাঙ্গীর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৩
বিয়ের ২ দিন পর শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে লাশ হলেন জাহাঙ্গীর
ফাইল ফটো

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিয়ের দুইদিনের মাথায় শ্বশুরবাড়ির পুকুরে গোসলে নেমে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত  জাহাঙ্গীর একই ইউনিয়নের পাশের আতেক্কার চর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির।

ইউপি চেয়ারম্যান জানান, গত শুক্রবার জাহঙ্গীরের সঙ্গে চাট্রাবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। এরপর রোববার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ‘ফিরানী’ (আঞ্চলিক সামাজিক শব্দ) আসেন জাহাঙ্গীর। মেজবানি শেষে ওইদিন বিকেলেই আবার বাড়ি ফেরার কথা ছিল জাহঙ্গীরের। দুপুরে শ্বশুরবাড়ির পাশের পুকুরে শ্যালক-শ্যালিকাদের সঙ্গে গোসলে নামেন জাহাঙ্গীর। জলকেলি করার একপর্যায়ে ডুবে যান জাহাঙ্গীর। অনেকক্ষণ ভেসে না উঠায় ডাকাডাকি শুরু করে তারা। আশেপাশের সবাই এগিয়ে এসে পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। আধঘণ্টা পর জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!