বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ।
এর আগে, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকা থেকে আকবরকে গ্রেফতার করা হয়।
.png)
পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে ভারতে বসে চট্টগ্রামের ধনী ব্যক্তি ও ভবন মালিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে শিবির ক্যাডার সাজ্জাদের বিরুদ্ধে। তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আকবর। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকা থেকে একটি রিভলভার ও একটি এলজিসহ আকবরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বলেন, আকবরের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য রাখার অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় সাতটি এবং চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী থানায় একটি করে মোট ১০টি মামলা রয়েছে। সর্বশেষ এক প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে বোমা হামলার মামলায় দুই বছর কারাভোগের পর গত বছরের ৪ সেপ্টেম্বর জামিনে বেরিয়ে আবারো অপরাধকর্মে লিপ্ত হন আকবর। লক্ষ্মীপুরে গ্রেফতারের পর তাকে চট্টগ্রামে এনে গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে।