ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৪ অক্টোবর ২০২৩
জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করা হয়েছে।

বুধবার সকালে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন একই গ্রামের আব্দুর রহমান কালার ছেলে। তিনি একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এছাড়া আটককৃত উসমান গণি ভুক্তভোগীর আপন বড় ভাই। 

জানা যায়, কাকরান গ্রামের মৃত আব্দুর রহমানের পাঁচ ছেলে। তাদের মধ্যে মেজো ছেলে উসমান গণি এবং সেজো ছেলে ফারুক হোসেনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তবে সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি তাকে অতর্কিতভাবে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করেন। ফারুক হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত বড় ভাইকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস। তিনি জানান, জমির বিরোধের জেরে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে জখম করেন। পরবর্তীতে ছোটকে ভাই ফারুককে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বড় ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!