ছিনতাইকারী থেকে বাঁচতে দৌড়, প্রাণ গেল গাড়িচাপায়
প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন মনা মিয়া। পথে পড়েন ছিনতাইকারীর কবলে। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে মহাসড়ক পার হতে গেলেই চাপা দেয় গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ যায় মনা মিয়ার।
বুধবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরশহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে লাশটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।
নিহত মনা মিয়ার বাড়ি মীরসরাই উপজেলার মিঠাছড়া গ্রামে। তিনি সীতাকুণ্ডের মহন্তের হাটে মাছের ব্যবসা করতেন বলে জানা গেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম বলেন, বাড়ি ফেরার পথে বাসে ছিনতাইকারীর কবলে পড়েন মনা মিয়া। বিষয়টি বুঝতে পেরে তিনি গাড়ি থেকে নেমে ঢাকামুখী মহাসড়ক থেকে দৌড়ে চট্টগ্রামমুখী মহাসড়কে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আলমগীর হোসেন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে তাকে চাপা দেওয়া গাড়িটিকে চিহ্নিত করা যায়নি।