জমির জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার
নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, সকালে উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামে বাবা আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান নুর ইসলাম। নিহত আব্দুল আজিজ ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তার বড় মেয়ে আরজিনাকে ১৬ শতাংশ জমি লিখে দেন। এরপর থেকে আব্দুল আজিজ ও নুর ইসলামের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে নুর ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান নুর ইসলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আব্দুল আজিজ।
.png)
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছেলে নুর ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।