ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ রেলপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১৫ ডিসেম্বর ২০২৩
ঢাকা-ময়মনসিংহ রেলপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা
ছবি: ডেইলি বাংলাদেশ

বড় ধরনের নাশকতার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথের নির্জন স্থানগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, রেলওয়ে পুলিশের পাশাপাশি আনসার নিয়োগ দেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে একজন অফিসারসহ পাঁচজন করে পুলিশ কাজ করছে। রাতের বেলায় টর্চ লাইটসহ নিরাপত্তাকর্মী কিলোমিটার হিসেবে নিয়োগ করা হয়েছে। সঙ্গে বিশেষ টহলের ব্যবস্থাও আছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত থেকেই এ নিরাপত্তা শুরু হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম বলেন, টঙ্গী-জয়দেবপুরে ৭ বেঙ্গল থানার ১২টি রেলস্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনে চারজন করে ৪৮ জন আনসার অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা বলেন, ‘আমার অধীন পাঁচটি রেলওয়ে গেট আছে। প্রতিটি গেটে চারজন করে আনসার আছে।’

উল্লেখ্য, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্যাস কাটার দিয়ে রেললাইন কেটে রাখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!