ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়েতে অতিথি সেজে স্বর্ণ-টাকা চুরি করতেন তারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ১৬ জানুয়ারি ২০২৪
বিয়েতে অতিথি সেজে স্বর্ণ-টাকা চুরি করতেন তারা
বিয়েতে অতিথি সেজে স্বর্ণ-টাকা চুরি করতেন তারা

বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের কাছ থেকে বিয়ের অনুষ্ঠানে যাওয়া অতিথিদের কাছ থেকে চুরি করা নগদ সাড়ে চার হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং এক জোড়া সোনার কানের দুল উদ্ধার করে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার রামু থানাধীন মরিচ্যা স্কুল পাহাড় এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী জেনি বেগম ওরফে রাশিদা বেগম ওরফে কালাবাহারনি (২৬), চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী রেলস্টেশন এলাকার মৃত ছাবের আহমদের ছেলে নুর মোহাম্মদ এবং ১৩ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী। তারা বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন চেয়ারম্যান ঘাটা এলাকার ভাড়া বাসায় বসবাস করেন।

বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তারা অতিথি সেজে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিথিদের কাছ থেকে কৌশলে টাকা, মোবাইল, স্বর্ণালংকার চুরি করে থাকেন। সোমবার রাতে সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে এমন অভিযোগ পেয়ে নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই চুরির মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!