যাত্রীচাপ সামাল দিতে তৈরি করা হচ্ছে নতুন দুটি বোর্ডিং ব্রিজ। একইসঙ্গে বাড়তি ১০টি বিমানকে পার্কিং সুবিধা দিতে প্রস্তুত করা হয়েছে নতুন এয়ার এপ্রোনও।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দিনরাত ২৪ ঘণ্টা বিমানবন্দর সচল রাখার অংশ হিসেবে বিদ্যমান দুটি বোর্ডিং ব্রিজের পাশাপাশি আরো দুটি নতুন বোর্ডিং ব্রিজ তৈরি করা হচ্ছে। এছাড়া বাড়ানো হয়েছে এয়ার এপ্রোনের সীমানা। এ বিমানবন্দরে আগে সাতটি বিমান পার্কিং করা যেত। নতুন এয়ার এপ্রোন এরিয়া তৈরির ফলে এখন আরো অন্তত ১৩টি বিমান পার্কিং করা যাবে। ফলে সব মিলিয়ে ২০টির বেশি বিমান পার্কিং করা যাবে শাহ আমানতে।
.png)
এ বিষয়ে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, আগে ঢাকায় কোনো বিমান নামতে না পারলে সেটি কলকাতা কিংবা ব্যাংকক চলে যেত। এখন চট্টগ্রামেই এয়ারফিল্ড থাকছে। ফলে এখন থেকে সেগুলো চট্টগ্রামেই অবতরণ করবে।
আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম রাত ১১টার পর বন্ধ হয়ে যেত। চালু হতো পরদিন সকাল ৭টায়। ফলে দিনে ১৬ ঘণ্টা সেবা পেতেন যাত্রীরা।
চট্টগ্রামের এভিয়েশন ক্লাবের সভাপতি মোহাম্মদ আসিফ চৌধুরী বলেন, রাতে বিমানবন্দরের কার্যক্রম চালু থাকলে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাগামী ফ্লাইটগুলোতে সহজে সংযোগ করা যাবে। এতে যাত্রী পরিবহনও বাড়বে। ফলে যাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমনি বিমানবন্দরও সুবিধা পাবে।
২০২৩ সালে শাহ আমানত বিমানবন্দর হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাতায়াত করেন ১৬ লাখের বেশি যাত্রী। এ বিমানবন্দরে প্রতিদিন ১৮টি অভ্যন্তরীণ ও ৪০টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে।