ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ দলের নেতাকে কুপিয়ে জখম, ছাত্রদল নেতাদের বহিষ্কার চায় পরিবার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
নিজ দলের নেতাকে কুপিয়ে জখম, ছাত্রদল নেতাদের বহিষ্কার চায় পরিবার
ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল। ছবি: সংগৃহীত

নেত্রকোণায় মশিউর রহমান বাপ্পী নামে এক পৌর ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দল থেকে বহিষ্কার চেয়েছে ভুক্তভোগীর পরিবার।

রোববার দুপুরে শহরের কুরপাড় এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি তোলেন প্রতিবাদকারীরা।

পরে মিছিল শেষে পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি দেন আহত ছাত্রদল নেতা বাপ্পীর পরিবার।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. শাহেদ পারভেজ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতের আঁধারে নেত্রকোণা সদরের কাইলাটি ইউনিয়নের অনন্তপুর এলাকায় বাপ্পীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে ছাত্রদলের নেতাকর্মীরা।

হাসপাতালে মুমূর্ষু অবস্থায় দেওয়া জবানবন্দিতে ছাত্রদল নেতা বাপ্পী বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আঞ্জুল হক, ছাত্রদল নেতা আলমগীর হোসেন সুমন ও তরিকুল ইসলাম সোহাগসহ ১৫-২০ জন আমাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে।

পরে এ ঘটনার দু’দিন পর বাপ্পীর মামা বিপ্লব আহমেদ ছাত্রদলের সম্পাদক অনিককে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ আরো ২০ জনের নামে মামলা করেন।

মামলার পরপরই এজাহারভুক্ত আসামি রনি মিয়াকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

এদিকে, হামলার পর বাপ্পীকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। পর দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বাপ্পী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!