মাইক্রোবাসচাপায় আহত সেই কলেজছাত্রীর মৃত্যু, চালক গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাইচ্ছুটি এলাকায় মাইক্রোবাসচাপায় গুরুতর আহত ফাহমিদা ইয়াসমিন নিঝুমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিঝুম ফেনীর জয়নাল হাজারী কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী ও ফেনী সদরের শর্শদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাস্টারপাড়া এলাকার মুন্সী বাড়ির শহীদুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার কলেজে নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসে বাড়ি ফিরছিলেন নিঝুম। পথিমধ্যে বাসটি গ্যাস রিফিল করতে লাটিমী রাস্তার মাথায় সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে থামে। সেখানে নিঝুম বাস থেকে নেমে মহাসড়ক পার হয়ে চিপস কিনতে যান। দোকান থেকে বেরিয়ে পুনরায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক চট্টগ্রামে প্রেরণ করেন।
.png)
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই সাইদুল হক জানান, এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস জব্দ করা হয়েছে। একইসঙ্গে চালক ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম বাতানিয়া গ্রামের আবদুল হকের ছেলে রসুল আহমেদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিঝুমের ভাই রবিউল হাসান বাদী হয়ে সোমবার রাতে মাইক্রোবাসচালক রসুল আহমেদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।