রমজানে অসদুপায় অবলম্বন করলেই ব্যবস্থা: পুলিশ সুপার
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেছেন, রমজান উপলক্ষে কোনো ব্যবসায়ী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।
সোমবার পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, আমাদের জীবন-জীবিকা চালানোর সুবিধার্থে প্রত্যেক মাসই আমাদের তাৎপর্য রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকের দায়িত্ব থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পবিত্র মাহে রমজানকে ঘিরে খাগড়াছড়ি বাজারে মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
.png)
তিনি আরো বলেন, পবিত্র রমজান উপলক্ষে ২৪ ঘণ্টা বাজার মনিটরিং করা হবে। পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে যেকোনো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ মজুতদারি, সরবরাহের ক্ষেত্রে অপকৌশল, অসাধু সিন্ডিকেটের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রমজান মাসে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, খাগড়াছড়ি শহর যানজট মুক্তকরণের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে।
এ সময় খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার ওসি তানভীর হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধি, যানবাহন মালিক, শ্রমিক প্রতিনিধি, ইমাম, মুয়াজ্জিনসহ অনেকে উপস্থিত ছিলেন।