জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সদর উপজেলায় কম বেশি সব জায়গাতেই এ মই দৌড়ের প্রচলন আদিকাল থেকেই। কৃষকদের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ষাঁড়ের মই দৌড়। শুকনো মৌসুমে মাঝে মধ্যেই জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা। হাজার হাজার বয়স্ক, যুবক শিশু-কিশোরসহ অনেকেই উপস্থিত হয় ষাঁড়ের মই দৌড় দেখার জন্য। তবে আগের মতো এখন আর এ খেলা অনুষ্ঠিত হয় না। খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু হারিয়ে যেতে বসলেও এ খেলার জনপ্রিয়তা এখনো কমেনি।

.png)
আয়োজক কমিটি জানায়, ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে তেরটি ষাঁড়ের গরুর দল নিয়ে অংশ নেয় প্রতিযোগীরা। চারটি ষাঁড় গরুর সঙ্গে মই নিয়ে তৈরি হয় একটি দল। প্রতি দলে দুইজন থাকেন পরিচালনার কাজে। ঐতিহ্যবাহী খেলাটি দেখতে শত শত মানুষ আসেন রেলওয়ে ময়দান মাঠে।
খেলা দেখতে আসা রহিম মন্ডল বলেন, পাশের উপজেলা মাদারগঞ্জ থেকে এসেছি খেলা দেখতে। জেলার মধ্যে যেখানেই মই প্রতিযোগিতা হয় সেখানেই ছুটে যাই। ঐতিহ্যবাহী মই দৌড় যাতে প্রতি বছর হয় আয়োজক কমিটির কাছে এমনটাই প্রত্যাশা তার।
খেলায় অংশ নেয়া চান মন্ডল বলেন, বাপ-দাদার আমল থেকে এটা আমাদের বংশের ঐতিহ্য। অনেক দিন ধরে এ খেলার সঙ্গে যুক্ত আছি। হারিয়ে যাওয়া গ্রামবাংলার এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে দিতেই আমার চেষ্টা। যেখানেই খেলা হয় দল নিয়ে ছুটে যাই সেখানে। নিজে আনন্দ পাই এবং অন্য কেউ আনন্দ দেই।
আয়োজক কমিটির সভাপতি ছামান আলী বলেন, ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৩টি ষাঁড়ের গরুর দল নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। বর্তমান সময়ের যুব সমাজকে মাদকমুক্ত ও ঐতিহ্যবাহী এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ খেলার আয়োজন করা হয়।