ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে মো. সাফওয়ান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুর হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু সাফওয়ান বোরহানউদ্দিন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মো. রহমত উল্যাহর ছেলে।
.png)
জানা গেছে, ঈদের পর মায়ের সঙ্গে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নানাবাড়িতে বেড়াতে যায় শিশু সাফওয়ান। বুধবার সকালে সকলের অগোচরে নানা বাড়ির পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ ধরে শিশু সাফওয়ানকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ঐ শিশুর মা শাহিনা বেগম বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে সাফওয়ানকে ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।