সোমবার দুপুরে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম আলীর ছেলে।
মন্টুর স্ত্রী সাজেদা বেগম জানান, প্রচণ্ড গরমের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে। আগে থেকে তার তেমন কোনো রোগ ছিল না।
.png)
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু হোসেন সকালে বাড়ির পাশে ভুট্টাখেতে কাজ করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর জন্য জগভর্তি পানি নিয়ে যান স্ত্রী। এ সময় তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মন্টুকে উদ্ধার করে। পরে তাকে ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির পরিচালক ডা. আব্দুল বারীক বলেন, ওই কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে, হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।