ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বৃষ্টির জন্য ইস্তেসক্বার নামাজ আদায়

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৬, ২৮ এপ্রিল ২০২৪
গাজীপুরে বৃষ্টির জন্য ইস্তেসক্বার নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র তাপদাহ ও গরম থেকে মুক্তি পেতে গাজীপুর মহানগরীর রাজবাড়ি মাঠে শনিবার বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসক্বা আদায় করা হয়েছে। এই নামাজ আদায়ের জন্য সকাল ৯টায় নানা বয়সী মানুষ গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে উপস্থিত হন। 

এরপর সবাই দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে ইমামতি, খুৎবা ও দোয়া পরিচালনা করেন মহানগরের দেশীপাড়া মাদরাসার মুহতামিম মুফতি আতাউর রহমান কাসেমী। 

Advertisement

নামাজে অংশ নেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, জামিয়াতুল মানছুমের মোহতামিম মুফতি আব্দুল মান্নান, নীলের পাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি জুলফিকার হায়দার প্রমুখ। তারা ছাড়াও নামাজে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

আগত মুসল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তেসক্বার নামাজ আদায় করতেন। সে জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

তারা আরো বলেন, বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলেই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

ডেইলি-বাংলাদেশ/এএএম/ এএল/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!