বেপরোয়া গতির বাসচাপায় আহত শিশু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসচাপায় দিয়া মনি নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিয়া মনি উপজেলার মির্জাপুর এলাকার বজলুল হকের মেয়ে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মির্জাপুর বাইপাস মোড়ের দোকানে যায় দিয়া মনি। ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের দ্রুতগতির এক বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হয় দিয়া মনি। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের মামা শামীম মিয়া বলেন, দিয়া মনি মাথায় গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।
পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন।