খাগড়াছড়িতে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে নিহত ১
খাগড়াছড়িতে সশস্ত্র অস্ত্রধারীদের ব্রাশফায়ারে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে পাহাড়ের আঞ্চলিক সংগঠন এর একজনকে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার পানছড়ি উপজেলার লোগাং দুদকছড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ করে বেশ কয়েকজন অস্ত্রধারী বরুণ বিকাশ চাকমাকে ব্রাশফায়রে হত্যা নিশ্চিত করে এলাকা ত্যাগ করে। পরে নিহতের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। নিহত বরুণ বিকাশ চাকমা পানছড়ির হাতিমারা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এ হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করে বরুণ বিকাশ চাকমাকে নিজ দলের সমর্থক দাবি করেন ‘ইউপিডিএফ’ এর খাগড়াছড়ি জেলা সংগঠন ও মুখপাত্র অংগ্য মারমা।
তিনি বলেন, ভ্রাতৃঘাতী সংঘাতের মধ্য দিয়ে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আন্দোলন-সংগ্রামকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। এ ধরনের হত্যাকাণ্ড পাহাড়ের জন্য মঙ্গলজনক হবে না।
বিষয়টি নিশ্চিত করতে পানছড়ি থানার ওসি মো. সফিউর আজমকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।