বাড়ির ১০০ ফুট দূরে পড়েছিল কিশোরের মরদেহ
চট্টগ্রামে রাউজানে খাল থেকে সাইফুল ইসলাম নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের হালদা নদী সংযুক্ত একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।
মৃত সাইফুল ঐ গ্রামের আবদুল হাকিমের ছেলে। সে স্থানীয় একটি মুদি দোকানে কাজ করতো বলে জানা গেছে।
স্বজনরা জানান, সোমবার বিকেলে খালে মাছ ধরতে বাড়ি থেকে হাতজাল নিয়ে বের হয় সাইফুল। পরে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাত ৯টার দিকে বাড়ি থেকে ১০০ ফুট দূরে হালদা নদী সংযুক্ত একটি ছোট খালে উপুড় অবস্থায় সাইফুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সাইফুলের বাড়িতে যায় পুলিশ। সুরতহাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
.png)
স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, ঐ কিশোরের নাক দিয়ে রক্ত ঝরছিল। তাই পুলিশকে জানানো হয়েছিল। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এরপর রাতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়।
রাউজানের পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ আরিফ বলেন, পরিবারের ভাষ্যমতে- খালে মাছ ধরতে নেমে ডুবে মারা যায় ঐ কিশোর। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করতে দেওয়া হয়।