আটককৃত ফিরোজা বেগম উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কালিকাঠি গ্রামের মৃত মন্নান মল্লিকের স্ত্রী। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে অভিযুক্তদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সিয়ামের পরিবার জানায়, সকালে সিয়ামকে তাদের বাড়ির পাশের ফিরোজা ও তার মেয়ে লাবনী আক্তার সকাল ৬টার দিকে কবুতর চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে গাছের সঙ্গে বেঁধে প্রায় ৩ ঘণ্টা মারধর করে।
.png)
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শিশু সিয়ামের মারধরের চিৎকার পেয়ে ওই বাড়িতে যান স্থানীয়রা। সেখানে গিয়ে দেখেন শিশুটিকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে। পরে থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সিয়াম জানায়, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে মা-মেয়ে মিলে সুপারির গাছের সঙ্গে বেঁধে মারধর করে। সে কবুতর চুরি করেনি বলার পরেও তাকে মারা হয়েছে।
অভিযুক্ত দুই নারী জানান, সিয়াম তাদের ২০টি কবুতর চুরি করেছে। তাকে কোনো মারধর করা হয়নি। শুধু বেঁধে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতে ক্ষতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মা-মেয়েকে আটক করা হয়েছে।