গজারিয়ায় পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়ায় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
মৃতের নাম স্বপন নাইডু (১৮)। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা বাগান এলাকার বাবুল নাইডুর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, প্রায় তিন মাস আগে স্বপন নাইডু শ্রমিক হিসেবে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার সিনোবাংলা ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় কয়েকজন মিলে কোম্পানির মাঠে ফুটবল খেলার পর দুপুর ১২টার দিকে তারা গোসল করতে কোম্পানি সংলগ্ন ফুলদী নদীতে নামেন। অন্যরা সাঁতার জানলেও স্বপন নাইডু সাঁতার জানতেন না। গোসলে নামার কিছুক্ষণ পর একজন খেয়াল করলেন স্বপন তলিয়ে গেছেন। তাকে দেখতে না পেয়ে তারা কিছুক্ষণ তাকে খোঁজাখুঁজি করেন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।
.png)
গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, মৃতের লাশ বর্তমানে গজারিয়া থানায় আছে। এ বিষয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।