ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিএনডি লেকে ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ১৭ আগস্ট ২০২৪
ডিএনডি লেকে ভাসছিল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেক থেকে মো. আরিফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সিআইখোলা এলাকায় লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত আরিফ সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রজ্জব আলীর বাড়ির ভাড়াটে মো. হোসেন আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার গোয়ারী ভাঙ্গা গ্রামে। স্বজনদের দাবি, তাকে হত্যা করে ডিএনডি খালে ফেলে দেওয়া হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর।

নিহত আরিফের মামা বাবুল মিয়া বলেন, আরিফের সঙ্গে সর্বশেষ বৃহস্পতিবার রাতে তার কথা হয়েছিল। এরপর থেকে আরিফের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতে বাসায় ফিরে না আসায় শুক্রবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আরিফের কোনো হদিস পাওয়া যায়নি। বিকেলে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি ডিএনডির লেকে এক ব্যক্তির মরদেহ ভাসছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি এটা আমার ভাগনে আরিফের মরদেহ।

তিনি আরো বলেন, আরিফের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে চাইলেও পানিতে ডুবে সে কখনোই আত্মহত্যার চেষ্টা করবে না। কারণ সে সাঁতার জানতো। আমার ধারণা, তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর বলেন, নিহতের পিঠে ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা তদন্ত করছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!