ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪
কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 
হোটেল নিউ সী-বিচ্ ইন -ছবি: সংগৃহীত

কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

মহিপুর থানা পুলিশ এবং হোটেল সূত্র জানায়, শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতুসহ চারজনের একটি দল কুয়াকাটা ভ্রমণে আসেন। সন্ধ্যায় তারা কুয়াকাটা সমুদ্রসৈকত লাগোয়া হোটেল নিউ সী-বিচ্ ইন হোটেলের ৫০১ নম্বর কক্ষ (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন।

তবে শনিবার দুপুরে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই তরুণীর অবস্থানরত কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃতের বাড়ি যশোর জেলার চোকদাপ পাড়া থানার বেজপাড়া গ্রামে। আর হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম  ইছা মীর বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় তার অপর সঙ্গীরা অন্য রুমে ছিলেন বলে দাবি তাদে॥

হোটেল নিউ সী-বিচ্ ইনের ম্যানেজার রুমান মৃধা বলেন, গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডায়েরি করে তাদের কাছে রুম ভাড়া দেওয়া হয়েছে। তাদের কোনো আচার-আচরণও খারাপ দেখিনি। শনিবার দুপুরে হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ। রুমের সামনে তরুণীর সঙ্গে থাকা তিনজন বসে আছেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, এ সময় আফরোজা আক্তার রিতুর সঙ্গে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদের আটকে রাখে।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। তবে এ বিষয়ে ওই তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!