ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালির বাজারের আগুন নিয়ন্ত্রণে, দেড় ঘণ্টায় পুড়ল ৩০ দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ৭ অক্টোবর ২০২৪
কালির বাজারের আগুন নিয়ন্ত্রণে, দেড় ঘণ্টায় পুড়ল ৩০ দোকান
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের কালির বাজারের মশলা পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে এ বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বাজারের এক নম্বর গলিতে এ অগ্নিকাণ্ড ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ভবনের বাসিন্দাসহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন।

Advertisement

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।

এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!