রোববার (১৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- খুলনার জেলখানা ঘাটের মাইজঘাট গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সেলিম উদ্দিন (২২), পরশুরামের মধুগ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান (৩০) ও একই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক তাজুল ইসলাম (৩৮)।
.png)
বিজিবি জানায়, ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক সুবার বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি। অভিযানে এক অনুপ্রবেশকারী, সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দুই মাস আগে আটক সেলিম বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে শনিবার পরশুরামের সুবার বাজার এলাকার হাসানের সঙ্গে যোগাযোগ করে তার সহযোগিতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সুবার বাজার বিওপির টহল দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে পরশুরাম থানায় হস্তান্তর করেছে।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।