ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির আঙিনায় ঠিকাদারের ঝুলন্ত লাশ, পকেটে থাকা চিরকুট নিয়ে রহস্য

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১৮ নভেম্বর ২০২৪
বাড়ির আঙিনায় ঠিকাদারের ঝুলন্ত লাশ, পকেটে থাকা চিরকুট নিয়ে রহস্য
প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলায় মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত মজিবর পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে। লাশ উদ্ধারের সময় ওই ব্যক্তির পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর আজানের পর ধুপইল এলাকার বাবলু নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙিনায় মেহগনি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।

ওসি মো. নুরুজ্জামান বলেন, ঠিকাদার মজিবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ওই ব্যক্তিদের পাওনা টাকার চাপেই মজিবর আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, মজিবর চিরকুটে দাবি করেন, পাওনা টাকা পরিশোধের পরও তারা টাকার জন্য চাপ প্রয়োগ করছিলেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!