ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭, ১২ মার্চ ২০২৬
ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই ভবনে থাকা তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ‘শহীদ সুপার ভিউ’ নামের একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে ভেতরে থাকা তিনজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

Advertisement

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!