শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহাপাড়ার ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (২৬) এবং একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের ছেলে মাহবুব (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে প্রান্ত দত্ত ও মাহবুব একটি মোটরসাইকেলে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাতাসে রাস্তার পাশের একটি গাছের মরা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনিও।
নাকোল গ্রামের বাসিন্দা দুলাল কাজী জানান, রাত ৯টার দিকে প্রান্ত দত্ত মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে নিজ এলাকা নাকোল বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেষ্টপুর এলাকায় ঝড়ো বাতাসে একটি গাছের ডাল তার মোটরসাইকেলের ওপর ভেঙে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।