ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ব্যবসায়ীর গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রল-অকটেন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১৪ মার্চ ২০২৬
পাবনায় ব্যবসায়ীর গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রল-অকটেন
উদ্ধার হওয়া পেট্রল ও অকটেন। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নিজ বাড়ির গোয়ালঘরে ওই তেল মজুত করেছিলেন খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম। তাকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি উদ্ধারকৃত তেল সরকারি দামে বিক্রি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। এ সময় র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উপস্থিত ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে চিনাখড়া বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। স্থানীয় লোকজন জানিয়ে দেন, দোকানের পেছনেই তার বাড়ি। পরে দোকানের পেছনে অভিযান চালিয়ে গোয়ালঘরে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়।

Advertisement

অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান বলেন, ‌সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে ওই ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য জ্বালানি তেল মজুত করেছিলেন। উদ্ধার করার পর তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মাহমুদ হাসান আরো বলেন, দিনব্যাপী অভিযানে আতাইকুলা, চিনাখড়াসহ চারটি বাজারের ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মজুত করা ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিলেন। এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে যেকোনো পণ্য বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!