রোববার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুবল চন্দ্র দাস পৌর শহরের দুর্গাপুর এলাকার মৃত হিরালাল চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, সুবল চন্দ্র দাস ঢাকা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে রাতের কোন এক ট্রেনে আখাউড়ায় আসেন। আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অটোরিকশায় তিনিসহ আরো কয়েকজন যাত্রী ছিল। অটোরিকশাটি খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।