ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৭ জুলাই ২০২৬
হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে হাসপাতালের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত মনিরা বেগম (২৫) ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন এবং অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

Advertisement

অভিযুক্ত ফরহাদ হোসেন (২৭) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার জানান, গর্ভাবস্থার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) করাতে স্বামী-স্ত্রী হাসপাতালে এসেছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে মনিরাকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!