ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দারবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

আবুবকর ছিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ৩১ জুলাই ২০২৬
বান্দারবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগা লেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন।

বিকেল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে চলে যান। সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া তল্লাশি অভিযানে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া  বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইডের কথা অমান্য করে সেখানে বেড়াতে যান। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!