ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনার ঘূর্ণিস্রোতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, ক্ষতি কোটি টাকা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১০ আগস্ট ২০২৬
মেঘনার ঘূর্ণিস্রোতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, ক্ষতি কোটি টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর নদী বন্দরের প্রবেশমুখে মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪৪০ বস্তা শাহ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা চারজনকে স্থানীয় নৌযানের মাঝিরা দ্রুত উদ্ধার করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রলার ও সিমেন্টসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডসংলগ্ন তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এইচ এম পরিবহন’। এর মালিক হানিফ বেপারি এবং সুকানি ছিলেন আইয়ুব আলী।

Advertisement

ট্রলার মালিক হানিফ বেপারি জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ৪৪০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় ‘এইচ এম পরিবহন’। দুপুরের দিকে চাঁদপুর নদী বন্দরে প্রবেশের সময় বাঘরা বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেডসংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ট্রলারটি। স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যেই এটি নদীতে ডুবে যায়।

তিনি বলেন, ‘আমার একমাত্র সম্বল ছিল ট্রলারটি। সেটিও নদীতে তলিয়ে গেছে। সিমেন্টসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ট্রলারটি ডুবে যাওয়ার সময় আশপাশে থাকা নৌকা ও ট্রলারের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা ট্রলারে থাকা সুকানি আইয়ুব আলীসহ চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন বলেন, সিমেন্ট কোম্পানির পণ্যের ক্ষতি হয়েছে, পাশাপাশি ট্রলার মালিকও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাঁর একমাত্র সম্বল ট্রলারটি মেঘনায় তলিয়ে গেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তাঁরা।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রলারটিতে ৪৪০ বস্তা সিমেন্ট ছিল। সিমেন্টসহ ট্রলারটি নদীতে তলিয়ে গেছে। ট্রলারে থাকা চারজনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা বিকেল পর্যন্ত চাঁদপুরে অবস্থান করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!