ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৭ আগস্ট ২০২৬
সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের
মাদারগঞ্জ মডেল থানা। ফাইল ফটো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মণ্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মিস্টার। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার মণ্ডল ওই এলাকার তফিল মণ্ডলের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আজাহার মণ্ডল বাড়ির অদূরে নিজের আমন ধান ক্ষেতে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মিস্টার বলেন, সকালে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে আজাহার মণ্ডল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই আজাহার মণ্ডলের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!