ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ওসিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, আগস্ট মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ পার হলেও বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দিষ্ট আশ্বাস পাননি তাঁরা। গত শনিবার আগস্টের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও তা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।
প্রায় ২০ মিনিট মহাসড়কে অবস্থানের পর শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

Advertisement

শ্রমিকদের ভাষ্য, প্রতি মাসে বেতন পাওয়ার জন্য আন্দোলনে নামতে হয়। সময়মতো বেতন না পাওয়ায় ঘরভাড়া, দোকানের বাকি ও পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ২০ মিনিট তাঁরা সড়কে অবস্থান করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।’

এ বিষয়ে ওসিন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!