চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ৪৩
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটির মৃত্যুর সঙ্গে ডেঙ্গু সংক্রমণের সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরদৌসী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
.png)
এদিকে, মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয় ১৩ বছর বয়সী মহব্বত আলী। সে আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে। হাসপাতালে ভর্তির সময় তার তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল। তবে ডেঙ্গুর পরীক্ষা না হওয়ায় তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু সংক্রমণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।