টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।
নিহতরা হলেন লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা (৫০)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকায়। পরিবারটি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টার বাড়ির পাশে ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে যায়। পরে হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হয়।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে লাল চান মিয়া ও নাসিমার মৃত্যু হয়। তাদের মেয়ে তানিশা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।