ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আখাউড়ায় রেললাইনের সিগন্যালের জেবি বক্সে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের সিগন্যাল ব্যবস্থার একটি জেবি বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রামগামী ডাউন লাইনের সিগন্যালের এ-৪২ জেবি বক্স ( এল ২)রেলওয়ের কিলোমিটার ২০৪/৯ থেকে ২০৫/০-এর মধ্যবর্তী স্থানে অবস্থিত। গভীর রাতে দুর্বৃত্তরা ওই জেবি বক্সে আগুন লাগিয়ে চলে যায়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাঁরা সেখানে গিয়ে আগুন দেখতে পাননি। জেবি বক্সের ওপর আগুন লাগানোর আলামত দেখে আগুন দেওয়ার বিষয়টি ধারণা করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল কুদ্দুস জানান,রাতে দুর্বৃত্তরা রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।