তালাবদ্ধ কক্ষে যুবকের অর্ধগলিত মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য
গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ কক্ষ থেকে মো. আশিক (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে কক্ষটি বন্ধ থাকলেও বৃহস্পতিবার দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। আশিকের মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জঙ্গলিয়াপাড়া এলাকায় ফজলুল হকের বহুতল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিক ময়মনসিংহের ভালুকা উপজেলার খাইরুয়ালী গ্রামের কাদির শেখের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক ফজলুল হক জানান, পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এ সময় আশিকের কক্ষটি তালাবদ্ধ দেখতে পেয়ে ধারণা করেছিলেন, তারা হয়তো গ্রামের বাড়িতে গেছেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। দুপুরের দিকে দুর্গন্ধ তীব্র হলে এর উৎস খুঁজতে গিয়ে কক্ষের জানালা দিয়ে ভেতরে আশিকের মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেন।
আশিকের বাবা কাদির শেখ জানান, কয়েক দিন আগে স্ত্রীর সঙ্গে ছেলের ঝগড়া হয়েছিল। এরপর তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন আগে ছেলের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর বৃহস্পতিবার ছেলের মৃত্যুর খবর পান তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) উবায়দুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।