ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ
তজুমদ্দিনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানসহ দেশব্যাপী সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলার তজুমদ্দিন উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্বাছ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ছিল জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। ইসলামি ভাবধারার রাজনীতিকে দেশ থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে দেশের মানুষ সেই চেষ্টা সফল হতে দেয়নি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মো. নুরুন্নবী। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামি আন্দোলন। আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত আদর্শ অনুসরণ করে আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়নের লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে। এ আন্দোলনকে দেশ থেকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাসহ বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশ ও দোয়া শেষে তজুমদ্দিন দক্ষিণ বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।

পরে দেশ ও জাতির কল্যাণ এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!