ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৯ অক্টোবর ২০২৬
বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বোরহানউদ্দিনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য যুব র‌্যালী। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সংগঠনটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের নেতাকর্মীরা।

এরপর একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সভাপতি সিহাব উদ্দিন হাওলাদার। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান।

সভায় বক্তারা যুবসমাজের গঠনমূলক ভূমিকা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা ও পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!