ঠাকুরগাঁওয়ে চাকরির নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কারিগরি বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ২৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলীর বিরুদ্ধে ভুয়া নিয়োগপত্র ও যোগদানপত্র দেওয়ার মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে পাঁচ ভুক্তভোগী হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০০ সালে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। ২০০৫ সালে বিদ্যালয়টিতে কম্পিউটার পদে আলতাফুর রহমান ও আতাউর রহমান, ফুড প্রসেসিং পদে সুবাস চন্দ্র রায় ও তোহিদুল ইসলাম এবং ল্যাব সহকারী পদে নুরজাহান চাকরির জন্য আবেদন করেন।
ভুক্তভোগীদের দাবি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলী তাদের প্রত্যেককে নিয়োগপত্র ও যোগদানপত্র দেন। এসব কাগজের ভিত্তিতে তারা চাকরিও শুরু করেন। তবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পরও বেতন-ভাতা না পেয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তাদের নিয়োগপত্র ও যোগদানপত্র ভুয়া। এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোট ২৫ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দা নাসরিন আক্তার বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও সেখানে নিয়মিত পাঠদান হয় না। খাতা-কলমে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখানো হলেও বাস্তবে চিত্র ভিন্ন। ১০-১২ জন শিক্ষকের বিপরীতে দুই-তিনজন শিক্ষার্থীকে দেখা যায়। বিষয়টি দুঃখজনক।
ভুক্তভোগী আলতাফুর রহমান বলেন, কম্পিউটার পদে চাকরির জন্য আনছারা বেগম ও তার স্বামীকে পাঁচ লাখ টাকা দিয়েছি। স্ত্রীর স্বর্ণালংকার ও চাষাবাদের জমি বিক্রি করে কষ্টে সেই টাকা জোগাড় করেছিলাম। অথচ চাকরির নামে তারা আমার সঙ্গে প্রতারণা করেছেন।
আরেক ভুক্তভোগী নুরজাহান বলেন, বাড়ির গরু ও জমি বিক্রি করে চাকরির জন্য সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছি। আমাকে নিয়োগপত্র ও যোগদানপত্রও দেওয়া হয়েছিল। চাকরিতে যোগদানের পাঁচ বছর পর জানতে পারি, সেগুলো ভুয়া। এ বিষয়ে আনছারা বেগম ও তার স্বামীর কাছে জানতে চাইলে তারা আমাকে হুমকি দেন।
ফুড প্রসেসিং পদে চাকরির জন্য ছয় লাখ টাকা দিয়েছিলেন সুবাস চন্দ্র রায়। তিনি বলেন, যোগদানের পর থেকে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কয়েক বছরেও বেতন-ভাতা না পেয়ে শিক্ষাবোর্ডে যোগাযোগ করি। সেখানে জানানো হয়, আমার নিয়োগপত্র ও যোগদানপত্র ভুয়া। আমাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম। তিনি বলেন, নিয়ম মেনেই তাদের চাকরি হয়েছিল। প্রত্যেককে নিয়োগপত্র ও যোগদানপত্র দেওয়া হয়েছে এবং তারা চাকরিতে যোগদানও করেছেন। তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। পরবর্তী সময়ে কী কারণে তারা বেতন-ভাতা পাননি, তা তিনি জানেন না।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ নিয়ে কথা বলতে রাজি হননি আনছারা বেগম।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, আনছারা বেগম ও তার স্বামী হাসান আলীর বিরুদ্ধে পাঁচজনের সঙ্গে চাকরি দেওয়ার নামে প্রতারণার লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।